দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী লুবনা আফরোজা এবং দুই মেয়ে সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে ট্রাস্ট সিটি প্রকল্পে থাকা ৫ কাঠা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জমিটির বাজারমূল্য দুই কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাইফুল আলমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে অনুসন্ধান পরিচালনার জন্য দুদক একটি অনুসন্ধান দল গঠন করেছে। অনুসন্ধান চলাকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে প্লট কেনার জন্য জমা রাখা অর্থ তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্লটের রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি। দুদকের দাবি, এর মাধ্যমে অপরাধলব্ধ সম্পদ গোপনের চেষ্টা করা হচ্ছে।
দুদক জানায়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়ে।

