গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্রগুলো এই বেঞ্চে স্থানান্তরিত হবে। বেঞ্চ এসব আবেদনের রুল গ্রহণ, আবেদনপত্র যাচাই এবং শুনানি করবেন।
অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পরের দিন শুক্রবার বেসরকারিভাবে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে।
শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। এতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ রয়েছে। শীঘ্রই তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে দুটি আসনের ফলাফলের গেজেট এখনও জারি করা হয়নি।

