অনলাইনে বিমানের টিকিট বুকিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার পর টিকিট না দেওয়ার অভিযোগে অনলাইন টিকিটিং প্রতিষ্ঠান ‘ফ্লাইট এক্সপার্ট’-এর ২০টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির পক্ষ থেকে উপ-পুলিশ পরিদর্শক মো. জহির রায়হান আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, এফইবিডি লিমিটেড নামে পরিচালিত ফ্লাইট এক্সপার্ট অনলাইনে বিমান টিকিট বিক্রি ও বুকিংয়ের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে। তবে অনেক ক্ষেত্রেই গ্রাহকদের টিকিট সরবরাহ করা হয়নি। এতে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে।
তদন্তে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম গত বছরের ২ আগস্ট প্রতিষ্ঠানটির অফিস বন্ধ করে দেশ ছেড়ে কানাডায় চলে যান। ব্যাংক হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, গ্রাহক ও সাব-এজেন্সিগুলো বিভিন্ন সময় এসব হিসাবে টাকা জমা দিয়েছেন। এসব লেনদেনের সঙ্গে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত সংস্থা।
সিআইডি জানিয়েছে, বর্তমানে ওই হিসাবগুলোতে মোট প্রায় ৪ কোটি ১০ লাখ ৯৪৬ দশমিক ৫২ টাকা জমা রয়েছে। তদন্তের স্বার্থে এবং সম্ভাব্য অর্থ স্থানান্তর বা অপসারণ ঠেকাতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী হিসাবগুলো ফ্রিজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত তা বিবেচনায় নিয়ে হিসাবগুলো জব্দের নির্দেশ দেন।

