ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় ৩১১ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (৩০ মার্চ) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে ব্যবহার ও স্থানান্তরের অভিযোগে এই মামলা করা হয়েছে। আগের দিন রবিবার ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-ভ্যালি ডটকম লিমিটেড নামে প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন পণ্যের অর্ডার নেয়। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। একইসঙ্গে বিভিন্ন মার্চেন্টদের কাছ থেকেও পণ্য নিয়ে অর্থ পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে।
সিআইডির দাবি, এইভাবে প্রায় ৩১০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। পরে সেই অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ গঠন এবং বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে। ভুক্তভোগীদের দীর্ঘদিন আশ্বাস দিয়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এতে হাজার হাজার গ্রাহক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা। সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আত্মসাৎ করা অর্থের সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে আরও অনুসন্ধান চালানো হচ্ছে।

