দিনাজপুরের হিলিতে মাত্র ২২ দিনের এক শিশুকে গুরুতরভাবে আঘাত করার অভিযোগ উঠেছে তার নিজের বাবা-মায়ের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নেশার টাকা জোগানোর উদ্দেশ্যে এই অমানবিক ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হাকিমপুর উপজেলার চুড়িপট্টি এলাকায় বসবাসকারী খাদিজা ও সাগর দম্পতির ঘরে কিছুদিন আগে একটি পুত্রসন্তানের জন্ম হয়। অভিযোগ রয়েছে, ওই দম্পতি নিজেদের সন্তানের একটি হাত কেটে দেয় এবং পায়ে আগুনে দগ্ধ করে তাকে স্থায়ীভাবে অক্ষম করে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির কাটা আঙুল বাড়ির বাইরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এমন ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত মা খাদিজা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘরের ভেতরে কয়েলের আগুন থেকে দুর্ঘটনাবশত শিশুটির হাত ও পা পুড়ে যায়। পরে তারা ক্ষতিগ্রস্ত অংশ মাটিতে পুঁতে রাখেন বলে দাবি করেন।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তৌহিদ জামান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এই নির্মম ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

