দেশজুড়ে অবৈধ জ্বালানি মজুত ও বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে সরকার। গত কয়েক সপ্তাহের অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়।
গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জব্দ করা তেলের মধ্যে সবচেয়ে বেশি ছিল ডিজেল। ডিজেলের পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। পাশাপাশি ৭০ হাজার ৫৪ লিটার পেট্রল এবং ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, অবৈধ মজুত, পাচার এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়াও অব্যাহত রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান চলবে।

