বগুড়া শহরে বিপুল মূল্যমানের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ মাদকসহ আইয়ুব আলী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল পিটিআই মোড়ের একটি চায়নিজ রেস্তোরাঁর সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন আইয়ুব আলী সেখানে এলে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার পায়জামার পকেট থেকে তিনটি প্লাস্টিক কৌটায় রাখা ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে।
ডিবি আরও জানায়, কক্সবাজার থেকে সড়কপথে বড় একটি আইসের চালান বগুড়ায় আসছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, জেলায় এ ধরনের মাদকসহ প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

