দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার কেনার ঘটনায় অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেএমসি বিল্ডার্স লিমিটেডের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে ঢাকা কার্যালয় থেকে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান জামাল মোস্তফা চৌধুরী এবং তার সহযোগীরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে জালিয়াতির মাধ্যমে শেয়ার ক্রয় করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়মের বাইরে গিয়ে ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেন।
এর আগে ২০২৪ সালের আগস্টে পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ২৫ ব্যক্তি ও ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন, হস্তান্তর ও ক্রয়-বিক্রয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ওই তালিকায় জেএমসি বিল্ডার্স লিমিটেড এবং এর চেয়ারম্যানের নামও ছিল। সেই নিষেধাজ্ঞার সূত্র ধরে এখন আর্থিক অনিয়মের বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখছে দুদক।

