চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি ‘এমটিকেপিপি০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জাহাজ সংশ্লিষ্ট সূত্র ও হাসপাতাল পুলিশ জানায়, গভীর সমুদ্রের চার্লি অ্যাঙ্কর পয়েন্টে অবস্থানরত জাহাজটিতে দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে হাতাহাতি ও পরে মারামারিতে রূপ নেয়।
এক পর্যায়ে একজন ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফং কালাহানকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘিরে জাহাজে কর্মরত বিদেশি ক্রুদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

