হজ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। যা প্রতিটি মুসলিমের জীবনে একটি বিশেষ মর্যাদা ও অভিলাষ হিসেবে জাগ্রত থাকে। আল্লাহর ঘর তাওয়াফ করা এবং প্রিয় নবী (সা.)–এর রওজা জিয়ারত করার প্রত্যাশা বাংলাদেশের মুসলিমদেরও একটি মহান স্বপ্ন। তবে, দেশের হজ ব্যবস্থাপনায় বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা উদ্ভূত হয়েছে। যা হজযাত্রীদের জন্য একে অপরকে শৃঙ্খলিত করে তুলছে।
বাংলাদেশে হজে যাওয়ার জন্য দুটি মাধ্যম রয়েছে- সরকারি এবং বেসরকারি। সাধারণত, বেসরকারি এজেন্সির মাধ্যমে হজের জন্য নিবন্ধন করার প্রবণতা বেশি দেখা যায়। এ ক্ষেত্রে সমস্যা শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া থেকেই। হজের জন্য নিবন্ধন করার পর, প্যাকেজ এবং খরচের বিস্তারিত ঘোষণা করা হয়। অথচ নিয়ম হওয়া উচিত ছিল যে, যাত্রীরা আগে থেকে প্যাকেজের মূল্য জেনে তারপর নিবন্ধন করতেন। কিন্তু আমাদের হজ ব্যবস্থা এর উল্টো। প্রথমে টাকা জমা দেওয়ার পর, প্যাকেজ ঘোষণা করা হয়। যা হজযাত্রীদের জন্য আর্থিক দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়।
সরকারি ঘোষণা অনুযায়ী, এবার হজের খরচ কিছুটা কমানোর কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, হজের খরচ কোনোভাবেই কমেনি বরং এজেন্সিগুলোর সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে। সরকার যদিও দুটি সাধারণ প্যাকেজ ঘোষণা করেছে। তবে অনেক বেসরকারি এজেন্সি এগুলোর মধ্যে একটি প্যাকেজও অফার করছে না। তাদের দাবি, সরকার ঘোষিত প্যাকেজে “অনেক সমস্যা” রয়েছে। তাই তারা শুধুমাত্র উচ্চমূল্যের প্যাকেজ অফার করছে।
এছাড়া, হজ প্যাকেজে পার্থক্য থাকলেও বাস্তবতার ক্ষেত্রে সেই পার্থক্য খুবই সীমিত। প্যাকেজ ১ এবং প্যাকেজ ২-এর মধ্যে মূলত ব্যবধান কেবল বাসস্থানের দূরত্বে। একটি প্যাকেজে হোটেলটি ২.৫ থেকে ৩ কিলোমিটার দূরে এবং অন্যটিতে ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু উভয় প্যাকেজেই বাসের মাধ্যমে চলাচল করতে হবে। যা যাত্রীদের জন্য তেমন কোনো কার্যকর সুবিধা প্রদান করে না।
সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হজ প্যাকেজের সাথে এজেন্সির প্রস্তাবিত প্যাকেজের মধ্যে অসম্মতি, মূলত হজযাত্রীদের জন্য একটি বড় বিভ্রান্তির সৃষ্টি করেছে। অনেকে সরকারি প্যাকেজের মাধ্যমে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও, এজেন্সিগুলোর অবাধ কর্তৃত্বের কারণে তারা তা করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় আরও কার্যকর মনিটরিং ব্যবস্থা প্রয়োজন। যেন হজযাত্রীরা স্বচ্ছ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য সেবা পায়।
এছাড়া, হজ সংক্রান্ত সেবা অনলাইনে সঠিকভাবে না পাওয়া এবং হজের খরচ সম্পর্কে সঠিক তথ্যের অভাবও একটি বড় সমস্যা। বর্তমানে হজের তথ্য ও নিবন্ধন প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না। সরকারের উচিত, হজ সংক্রান্ত সকল তথ্য এক কেন্দ্রে অনলাইনে প্রদান করা এবং যাত্রীদের জন্য একটি সহজ এবং নির্ভরযোগ্য পদ্ধতি নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য হজযাত্রা আরো সহজ ও সাশ্রয়ী হতে পারে যদি সঠিক এবং স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারিভাবে প্যাকেজের বিস্তারিত আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত এবং যাত্রীরা তাদের পছন্দের প্যাকেজে সঠিকভাবে নিবন্ধন করে, পরিশোধ করতে পারবে।
সবশেষে, হজ ব্যবস্থার একটি বড় সমস্যা হলো ব্যবসায়ীদের মানসিকতা। বাংলাদেশে রমজান মাসে পণ্যের দাম বৃদ্ধি এবং কোরবানির ঈদের সময় হজের খরচ বাড়ানো কোনোভাবে যুক্তিযুক্ত নয়। একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে হজ খরচে এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধি ধর্মীয় মূল্যের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে। তাই হজ ব্যবস্থাকে আরো উন্নত, স্বচ্ছ এবং সাশ্রয়ী করে তুলতে আমাদের সকলের দৃষ্টি নিবদ্ধ করতে হবে।

