আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের সাড়ে ৩ হাজার ৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানিতে তাদের নামে থাকা ৩২ কোটির বেশি শেয়ার যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি টাকা।
দুদকের উপ-পরিচালক (টিম লিডার) মো. আবু সাঈদ শেয়ার অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাদের স্বার্থ সংশ্লিষ্ট শেয়ারের তথ্য পাওয়া যায়।
এসব শেয়ার ফ্রিজের আদেশ না দিলে অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই বেহাত হওয়ার আশঙ্কা আছে। এজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক এসব শেয়ার অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম। তিনি জানান, এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এসব শেয়ারের সন্ধান পাওয়া যায়।
এর আগে গত ১৯ ডিসেম্বর আদালত এস আলম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন। এসব হিসাবে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার টাকা আছে। এরপর গত ১৪ জানুয়ারি তাদের ২০০ কোটি টাকা দামের ১৬টি স্থাবর সম্পত্তি জব্দ এবং তাদের নামে থাকা ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
যে ২৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে সেগুলো হলো এস আলম ট্যাংক টার্মিনাল লিমিটেড, এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল লিমিটেড, এস আলম সিমেন্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার প্লান্টস লিমিটেড, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, হাসান আবাসন লিমিটেড, এস আলম ব্রাদার্স লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, সোনালী কার্গো লজিস্টিকস লিমিটেড, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস লিমিটেড, ওশান রিসোর্স লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, মেরিন এম্পায়ার লিমিটেড, এস আলম প্রপার্টিজ লিমিটেড, মডার্ন প্রপার্টিজ লিমিটেড, এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস লিমিটেড, ফাতেহাবাদ ফার্ম লিমিটেড, এস আলম কোল্ড স্টিলস লিমিটেড ও এস আলম সয়াসিড এক্সট্রাকশন প্লান্ট লিমিটেড।

