সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার হস্তান্তর নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে শেয়ার বিক্রির চুক্তি হলেও এ নিয়ে অর্থ পাচারের অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
২০২৩ সালের ডিসেম্বরে নোভারটিস বাংলাদেশ লিমিটেড তাদের মোট শেয়ারের ৬০ শতাংশ। অর্থাৎ ৯ লাখ ৭৫ হাজার ৩৬টি শেয়ার, ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে বিক্রির চুক্তি স্বাক্ষর করে। তবে গত ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রায় ১০ লাখ শেয়ার হস্তান্তর স্থগিত রাখার দাবি জানানো হয়।
এ পরিস্থিতিতে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটের শুনানি এক মাসের জন্য মুলতবি রাখার আদেশ দেন।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে নোভারটিসের শেয়ার ক্রয়ে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে। শুনানির সময় দুদকের আইনজীবী আদালতকে জানান, তারা এক মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। আদালত এই বক্তব্য সন্তুষ্ট হয়ে দুদকের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত মামলাটি মুলতবি রাখার নির্দেশ দেন।
এর আগে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী ও ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী।
রিট আবেদনে অর্থ সচিব, দুদক চেয়ারম্যান, শিল্প সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে। এতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার ক্রয়ের প্রক্রিয়ায় অর্থ পাচারের অভিযোগ তুলে বিষয়টি তদন্তের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি শেয়ার হস্তান্তরের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়।
নোভারটিসের শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশনার ফলে নোভারটিস ও রেডিয়েন্টের মধ্যে শেয়ার হস্তান্তরের ভবিষ্যৎ এখন দুদকের তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

