রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংকের ১২৩৮ কোটি টাকার ক্ষতির অভিযোগে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস-এর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি। এই পাঁচ ব্যাংক থেকে বেস্ট হোল্ডিংস বিপুল পরিমাণ ঋণ নিয়ে ১৭৭৫ কোটি টাকা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেছে। এর মধ্যে ১২৩৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ব্যাংকিং নিয়মনীতি লঙ্ঘন করে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
দুদক সূত্র জানিয়েছে, মানিলন্ডারিং অনুবিভাগ এই অভিযোগগুলোর অনুসন্ধান পরিচালনা করবে। অনুসন্ধান চলাকালে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
এ ঘটনায় এখনো বেস্ট হোল্ডিংস বা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতে এ ধরনের অনিয়ম অর্থনীতির স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

