বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর পুরান ঢাকায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জননস, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডারস, প্যাটিনটিনসহ বিভিন্ন নামি কোম্পানির নকল প্রসাধনী। বংশাল এলাকায় গতকাল বুধবার বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়।
অভিযান শেষে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদ–সংলগ্ন ৫৮ নম্বর বংশাল ঠিকানার তৃতীয় তলায় একটি নামহীন নকল প্রসাধনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনসামগ্রী উৎপাদন করে আসছিল।
বিএসটিআইয়ের অভিযানের সময় ওই প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, প্যানটিন, হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু, প্যারাসুট বেলি ফুল, নবরত্নের তেল, জনসন শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিনসহ দেশি-বিদেশি প্রসাধন মজুত পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুত করা মালামাল ও উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়। অভিযানের সময় প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম আরো বলেন, পবিত্র রমজান সামনে রেখে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআইয়ের আওতাভুক্ত সব পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে বিএসটিআই’র ফিল্ড অফিসার তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

