লক্ষ্মীপুরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ সেমাই মজুদ ও ক্ষতিকারক রং ব্যবহার করে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘আব্দুল্লাহ বিস্কুট হাউজ’-এর মালিক বাবুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করে জনসম্মুখে ক্ষতিকারক রং ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে মাহে রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।
এছাড়া সদর উপজেলার জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়কৃত পণ্যের মূল্য রসিদ সংরক্ষণ না করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাতেই জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে অভিযান সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন এবং লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।

