নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ টিসিভির চাল জব্দ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে আটপাড়া উপজেলার দুটি স্থানে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে মোট তিন হাজার ৬৫৬ কেজি টিসিভির চাল জব্দ করে।
অভিযানের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। সেনাবাহিনীর অভিযানের প্রথম ধাপে রাত সাড়ে ১১টার দিকে মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুজের বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে মো. এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে গুদামজাত করা অবস্থায় ৯৫৬ কেজি টিসিভির চাল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাওহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত দুইটার দিকে সেনাবাহিনীর অপর একটি টহল দল সেতুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে মো. জিয়া আহমেদের মালিকানাধীন একটি গোডাউন থেকে ২৭০০ কেজি টিসিভির চাল জব্দ করা হয়। গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়।
অভিযানের পর সেনাবাহিনীর টহল টিম আটককৃত চাল ও গ্রেপ্তারকৃতদের আটপাড়া উপজেলা প্রশাসনের অবগতিতে থানায় হস্তান্তর করে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, জব্দকৃত চাল ও গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানার হেফাজতে আছে এবং মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে চালগুলো কীভাবে দোকান ও গোডাউনে এল তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, “আমি এ অভিযানের বিষয়ে অবগত আছি। সেনাবাহিনীর পক্ষ থেকে থানায় চালগুলো হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

