গত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের চিত্র উন্মোচনের লক্ষ্যে শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ উদ্দেশ্যে টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
রবিবার, ২০ এপ্রিল, মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতটির গত এক যুগের বেশি সময়জুড়ে সংঘটিত অনিয়ম ও নীতিগত ব্যর্থতা বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রস্তুত করবে গঠিত টাস্কফোর্স।
এই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের আরেক অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ এবং প্রযুক্তিবিদ ফিদা হক। এ ছাড়া গবেষণা সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।
টাস্কফোর্সের কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ খাতে জনবল ও পরামর্শক নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নীতিগত বৈষম্য ও সিদ্ধান্ত গ্রহণে অনিয়ম, খাতটির বিভিন্ন প্রকল্পের গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগসহ অন্যান্য প্রশাসনিক দুর্বলতা পর্যালোচনা করবে টাস্কফোর্সটি।
এর পাশাপাশি, টেলিযোগাযোগ খাতের লাইসেন্স প্রদান ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েও বিশ্লেষণ করবে টাস্কফোর্স। এই খাতগুলোতে দীর্ঘদিন ধরে প্রচলিত দুর্নীতির সংস্কৃতি দূর করার লক্ষ্যে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সুপারিশ করবে তারা।
মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে বিগত দিনের দুর্নীতির চিত্র পরিষ্কারভাবে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে যা ভবিষ্যতে খাতটির সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার পথ সুগম করবে।

