রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে আজ রোববার ভোরে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি জানান, ভোর ৫টা ৫৫ মিনিটে ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ‘ককটেলসদৃশ পটকা’ ছিল, তবে সাধারণ ককটেলে যে ধরনের বিস্ফোরক উপাদান থাকে, এই বস্তুটিতে তা পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
বিস্ফোরণের পর আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ওসি খালিদ। তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সব সংস্থা অবহিত রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

