কুমিল্লার সীমান্ত এলাকায় হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের সময় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে কুমিল্লা-১০ বিজিবির একটি বিশেষ টহল দল সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত পাচারের উদ্দেশ্যে হুন্ডির মাধ্যমে নগদ অর্থ বহনের অভিযোগে ফোরকান উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিজিবি সদস্যরা ২৮ লাখ টাকা নগদ অর্থ এবং আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন জব্দ করেন।
আটক ফোরকান উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভুমি গ্রামের বাসিন্দা এবং বাবুল মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে বিজিবি।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হুন্ডির মাধ্যমে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অর্থ পাচারের জন্য দুই দেশের সীমান্তজুড়ে বেশ কিছু হুন্ডি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এসব সিন্ডিকেট নিয়মিতভাবে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে অর্থ পাচার করছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ফোরকানের বিরুদ্ধে ভারতের উদ্দেশ্যে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় হুন্ডি সিন্ডিকেটের কর্মকাণ্ড নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তে অবৈধ অর্থ লেনদেন ও পাচার অনেকাংশেই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

