চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান।
আটককৃতরা হলেন আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৫), ফারহান (১৮), শান্ত বেপারী (১৭) ও সবুজ মিজি (১৮)। তারা সবাই ঘোড়াধারী এলাকার স্থায়ী বাসিন্দা। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে দুইটি ধারালো ছুরি, একটি কাঁচি, একটি অ্যান্টি কাটার এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেনা কর্মকর্তারা জানান, ওই কিশোররা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং স্থানীয়দের ওপর ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছিল।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা এলাকায় চরম সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিল।
আটকের পর অভিযুক্তদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের আওতায় দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, যা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

