নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কালিয়ার যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ এবং মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া। অভিযানে তাদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত একাধিক আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি সিমকার্ড, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র।
এই অভিযান পরিচালিত হয় শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত। কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে টানা কয়েক ঘণ্টা ধরে যৌথভাবে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই সামাজিক সংকট বিবেচনায় রেখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আটক তিনজনকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ উদ্যোগে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এই অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানানো হয়েছে। এলাকাবাসী মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং অনলাইন প্রতারণা ও মাদকের বিস্তার রোধে সহায়ক হবে।

