রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে কালো রঙের একটি মাইক্রোবাসে চড়ে এসে ফিল্মি স্টাইলে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী টাকা পরিবহনকারী প্রতিষ্ঠান নগদ এর একজন পরিবেশক। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে। পুলিশে প্রাথমিক তদন্তে জানা গেছে, নগদ এর পরিবেশকের কর্মীরা মালিকের বাসা থেকে অফিসের উদ্দেশে এক কোটি আট লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি কালো মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে এবং অতি দ্রুততার সঙ্গে ছিনতাইকারীরা ওই অর্থ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি টাকার ব্যাগটি বহন করছিলেন। হঠাৎ উল্টো দিক থেকে একটি কালো মাইক্রোবাস এসে তাদের পথরোধ করে। এরপর ব্যাগ নিয়ে দৌড় দিলে, র্যাবের জ্যাকেট পরিহিত কয়েকজন লোক দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। ভিডিওতে ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্রও দেখা যায়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইকারীরা র্যাবের পোশাক পরে ছিল এবং ঘটনার ধরন দেখে স্পষ্ট যে এটি পূর্বপরিকল্পিত। তবে তারা সত্যিকারের র্যাব সদস্য কি না, তা যাচাই করা হচ্ছে।
ছিনতাইয়ের বিষয়ে র্যাব-১ এর কার্যালয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যদি সে র্যাবের সদস্য হয়, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। অনেক সময় র্যাব বা পুলিশের পোশাক পরে কিছু অপরাধী অপরাধ করে। তারা কেউ পার পাবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

