চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়কটির ২ দশমিক ২২ কিলোমিটার অংশ সংস্কারের দায়িত্ব পায় কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড। কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৫ জুন। কিন্তু মাত্র দুই মাস কাজ করেই ফেলে রাখা হয়েছে প্রকল্পটি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে- সড়কের পুরো অংশে ইটের খোয়া বিছানো হলেও এরপর কাজ আর এগোয়নি। ফলে খোয়ার জায়গায় গর্ত তৈরি হয়েছে, বৃষ্টির পানিতে জমে কাদা হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নাচোল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘ঠিকাদার কাজ শুরু করলেও গত বছরের ৫ আগস্টের আগেই উধাও হয়ে যান। কয়েক মাস আগে যন্ত্রপাতি এনে কাজ শুরুর প্রস্তুতি নিলেও তাও শুরু হয়নি। এখনও তিনি নিখোঁজ।’
স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাচোলের পাশাপাশি পাশের নিয়ামতপুর উপজেলার মানুষরাও এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন।’
জানা গেছে, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এলাকায় অনুপস্থিত। প্রতিষ্ঠানটির মূল প্রতিনিধি মো. লিটন আলী বিদেশে পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাব-ঠিকাদার প্রতিষ্ঠান জাকারিয়া এন্টারপ্রাইজের মালিক জাকারিয়া হোসেন জানান, বৃষ্টিপাত এবং বেসিক প্ল্যান্ট মেশিন না থাকায় সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমরা এলজিইডির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে সময় বাড়ানোর আবেদন করেছিলাম। কর্তৃপক্ষ আরও চার মাস সময় দিয়েছে। এই সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।’
তবে কাজের মেয়াদ শেষ হলেও মূল ঠিকাদার অনুপস্থিত থাকায় প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

