পাবনার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি প্রথম নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের। ধারণা করা হচ্ছে, এর আগের দিন রাতের কোনো এক সময় এই চুরি সংঘটিত হয়েছে।
ব্যাংকের এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালবেলা অফিসে প্রবেশ করে তিনি দেখেন, কম্পিউটার ভাঙা, চেয়ারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তিনি কর্মকর্তাদের বিষয়টি জানান।
ব্যাংকের ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে দ্রুত অফিসে এসে তিনি চুরির চিত্র দেখতে পান। তিনি বলেন, ব্যাংকের ভল্টে তখন ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। দুর্বৃত্তরা সেই ভল্ট ভেঙে সব টাকা চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে থাকতে পারে। চুরির সময় অফিসের সিসিটিভি সিস্টেমও নষ্ট করে ফেলা হয়েছে, এমনকি সিসিটিভির হার্ডডিস্ক চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। কম্পিউটারের দুটি হার্ডডিস্কও খোয়া গেছে। ঘটনাস্থলে কিছু চেয়ারে পায়ের ছাপ পাওয়া গেছে, যা চোরদের উপস্থিতির প্রমাণ দেয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ব্যাংকের ভল্ট থেকে টাকা নেওয়া হয়েছে, সেইসঙ্গে কম্পিউটার এবং সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের তালা খুলে টাকা চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি পরিকল্পিত চুরি, নাকি অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
চুরির এই ঘটনাটি স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার না হলে এ ধরনের ঘটনা পুনরায় ঘটার আশঙ্কা রয়েছে। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের শনাক্তে সব ধরনের তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

