পঞ্চগড় জেলায় সেনাবাহিনীর সফল অভিযানে ৮০ হাজার ডলারের জাল মার্কিন মুদ্রা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জাল নোট বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে। বৃহস্পতিবার (১৯ জুন) পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে জাল ডলার বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি জাল মুদ্রাসহ পঞ্চগড়ে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদি পিয়াস জয়ের নেতৃত্বে শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। ওই চেকপোস্টে তল্লাশির সময় প্রথমে তিনজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের দেয়া তথ্যমতে পঞ্চগড় পৌরসভা এবং দেবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। অভিযানে একটি মোটরসাইকেল, চারটি স্মার্টফোনসহ মোট ১০টি মোবাইল ফোন এবং ইনজেকশন সিরিঞ্জসহ মাদকসেবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়।
সেনা কর্মকর্তা মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “চক্রটি দীর্ঘদিন ধরে দেশ ও দেশের বাইরে জাল ডলার বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের আইনি প্রক্রিয়ার জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।” এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, “চক্রটিকে ধরতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার কার্যক্রম শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
অভিযান ও আটকের এ ঘটনা পঞ্চগড় জেলায় আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

