ফেনীর পরশুরাম উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর উপজেলা প্রতিনিধি নাহিদ রাব্বির বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তিনি এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেছেন বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে বুধবার (১৮ জুন) বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি কল রেকর্ডিং ছড়িয়ে পড়ে। ২ মিনিট ৩৮ সেকেন্ডের সেই কথোপকথনে একজনকে নাহিদ রাব্বি এবং অপরজনকে চাকরিপ্রার্থী হৃদয় হিসেবে শনাক্ত করা হয়েছে। ভাইরাল হওয়া এই রেকর্ডে স্পষ্টভাবে শোনা যায়, নাহিদ রাব্বি লিখিত পরীক্ষার আগেই বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রিম দিতে বলেন। বাকি টাকা পরীক্ষার পর দেওয়ার শর্ত দেন তিনি।
চাকরিপ্রার্থী হৃদয় কিছু টাকা কম দিতে ইচ্ছা প্রকাশ করলে নাহিদ রাব্বি সাফ জানিয়ে দেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না। চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধের অনুরোধ করলে রাব্বি বলেন, ‘বাংলাদেশে এসব চলে না’, বরং অগ্রিম টাকা দিলে তবেই চাকরি নিশ্চিত হবে।
নাহিদ রাব্বি ফেনীর পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং নুর নবীর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তা-ই নয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং সরকারি বিভিন্ন কর্মসূচিতে অতিথি আসনে বসতে দেখা গেছে। পাশাপাশি এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, কল রেকর্ড ফাঁসের ঘটনাটি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। স্বাস্থ্য বিভাগের নিয়োগ নিয়ে এই কথোপকথনের পেছনে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার অধীনস্থ ১১৫টি শূন্য পদে নিয়োগের জন্য শুক্রবার (২০ জুন) ফেনী সরকারি কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ হাজার ৪৪৮ জন চাকরিপ্রার্থী।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। একজন ছাত্রনেতার এমন ভূমিকা শুধুমাত্র প্রশাসন নয়, গোটা সমাজের কাছেও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে

