ঢাকার পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে ময়লার স্তূপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি এবং শটগানের ৩১০টি সিসা গুলি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগ জানতে পারে, পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে কালশী স্টিল ব্রিজের নিচে ময়লার স্তূপে অস্ত্র-গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

