চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডাকাতি করে পালানোর পথে লোহাগাড়ায় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, নগদ টাকা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে পটিয়ার ফকিরপাড়া এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল একটি বাসায় হামলা চালায়। পরে তারা একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যানে করে কক্সবাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের সামনে চেকপোস্ট বসায় লোহাগাড়া থানা পুলিশ। একটি পিকআপ তল্লাশির সময় যাত্রীরা পালাতে চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম কাথারিয়ার আবুল কাশেম ওরফে জামাই কাশেম, চকরিয়ার ফুলতলার ছাদেকুর রহমান, চকরিয়া বাজার পাড়ার কামাল এবং কক্সবাজারের পূর্ব বড় ভেওলার কেফায়েত হোসেন।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড ১২ বোর গুলি, একটি রামদা, চাকু, টিপছুরি, শাবল, কাঁচি, টর্চলাইট, ১৬ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোবাইল ফোন। পাশাপাশি পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি মোবাইল ফোন, একটি মানকি ক্যাপ ও একটি কালো ব্যাগ জব্দ করেছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পটিয়ায় ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। তিনি আরও বলেন, জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির মামলা আছে। চক্রটির বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

