নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) গভীর রাতে উপজেলার যোগেন্দ্রনগর স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দাবি, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
আটককৃতদের মধ্যে রয়েছেন–দুধগাড়ী গ্রামের মোবারক হোসেনের ছেলে মবিদুল ইসলাম, হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল ইসলাম, নাজিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে বিপ্লব,নাজিরপুর নতুনপাড়ার কালামের ছেলে কাওছার,একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক,এবং সিংড়া উপজেলার কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সূর্য।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল বিয়াঘাট ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ছয়জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, “সেনাবাহিনী তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। জব্দকৃত পিস্তলটি খেলনা পিস্তল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

