যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ওই জাল টাকার চালান আটক করা হয়। আটক কিশোরের বয়স ১৭ বছর।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে যশোরের দিকে বড় পরিমাণ জাল টাকা নিয়ে আসার তথ্য পায় বিজিবি। এরপর আমড়াখালী চেকপোস্টে টহলদল সেই কিশোরের ইজিবাইক থামিয়ে শরীর তল্লাশি করে। প্যান্টের ভেতর থেকে ৯২০ পিস এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল টাকাসহ আটক কিশোরকে শার্শা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

