রাজধানীর ডেমরা থানার এসআই রিয়াদ হোসেনকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে আয়াত আহমেদ আননু (২৩) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ এসআই রিয়াদ হোসেন টহল ডিউটিতে ছিলেন। ওই সময় ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে আমুলিয়া মডেল টাউনে চোর ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে আসেন। ঘটনার পর অভিযুক্ত নারী বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে ফোন করে এসআই রিয়াদকে বিরক্ত করতে থাকেন। এরপর ১৬ এপ্রিল ওই নারী রিয়াদের সঙ্গে স্টাফ কোয়ার্টার ব্রিজের নিচে দেখা করে জোরপূর্বক ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সিনিয়র কর্মকর্তাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে মামলার হুমকি দেন। বাধ্য হয়ে এসআই রিয়াদ তাকে টাকা দেন।
পুলিশ জানায়, এরপর নিজেকে রিয়াদের বোন পরিচয়ে ফোন করে বিদেশে চিকিৎসার ভুয়া তথ্য দিয়ে আরও টাকা দাবি করেন তিনি। পাশাপাশি সিনিয়র অফিসারদের কাছেও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান। এসআই রিয়াদ ১৯ জুন ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ওই তরুণীর অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত আয়াত আহমেদ দীর্ঘদিন ধরেই প্রতারণার সঙ্গে জড়িত। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বাড়ি ভাড়া না দিয়ে মালিকদের হুমকি দিতেন। পাশাপাশি ডিএমপির বিভিন্ন থানায় মিথ্যা মামলা করতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

