চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করেছে কর্তৃপক্ষ।
আটক ব্যক্তি মাওলানা মোহাম্মদ আইয়ুব, যিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তার ব্যাগ থেকে পাওয়া গেছে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রামে পৌঁছায়। যাত্রী মোহাম্মদ আইয়ুব ফ্লাইট থেকে নেমে ব্যাগ সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় এনএসআই’র একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ জানায় এবং ব্যাগ তল্লাশি করে এসব সামগ্রী উদ্ধার করে। সকাল ৭টা ১০ মিনিটে তল্লাশি শেষে পণ্যগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ধরনের পণ্য অবৈধভাবে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল। যেহেতু যাত্রী প্রথমবার এমন অপরাধে জড়িত, তাই মালামাল জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

