ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে দেড় লাখ টাকার বেশি এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেছেন এক প্রতারক। পরে তাকে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাবেদ হোসেন চৌধুরী ওরফে জাহিন (৪২)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গত ২৮ মে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় জাহিনের। পরিচয়ের পর তিনি নিজেকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কখনো বিমানবাহিনীর কর্মকর্তা, আবার কখনো সরকারি কর্মকর্তা ও গার্মেন্টস মালিক হিসেবে পরিচয় দেন।
প্রতারণার এক পর্যায়ে ওই নারীকে তার ছেলেকে ঢাবিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ ৬২ হাজার টাকা নেন জাহিন। এতেই শেষ নয়। ভুয়া কাস্টম কর্মকর্তা সেজে তিনি ওই নারীর কাছে থাকা পুরোনো স্বর্ণালঙ্কার পাল্টে ২২/২৪ ক্যারেটের নতুন অলঙ্কার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি মোট ১২ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন।
ওসি করিম জানান, চুরি করা অলঙ্কার জাহিন হাজারি গলির এক স্বর্ণের দোকানে বিক্রি করেন। পুলিশ সেখান থেকে আট ভরি অলঙ্কার উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

