চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়ক বাপ্পারাজ ও বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জন শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঢাকা কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, গত ১৫ জুন ব্যাংকগুলোতে এ নির্দেশনা পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব নম্বর, বকেয়া করের পরিমাণ, টিআইএন ও পাসপোর্ট নম্বর ওই চিঠিতে উল্লেখ রয়েছে।
কারা রয়েছেন জব্দের তালিকায়ঃ– হিসাব জব্দ হওয়া তারকাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন টিসা, সাবিলা নূর, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী এবং চিত্রনায়ক রেজাউল করিম (বাপ্পারাজ)। এছাড়া তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ, এ কে এম মোশারফ হোসেন, হাজি কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জ্যোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নৃত্যাঞ্চল, এ কে এম হুমায়ুন কবির এবং মো. মিকাইল হোসেন।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। তবে ইতোমধ্যে কয়েকজন বকেয়া পরিশোধ করেছেন এবং কেউ কেউ সময় নিয়েছেন। তিনি বলেন, যাঁরা বকেয়া কর পরিশোধ করবেন, তাঁদের ব্যাংক হিসাব আইন অনুযায়ী পুনরায় চালু করা হবে। এনবিআর সূত্র জানায়, শোবিজ অঙ্গনে কর প্রদানে অনিয়ম দীর্ঘদিনের। এবার কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম জোরদার করতে চায় সংস্থাটি।

