নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালা আবুল বাশারের (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহত আবুল বাশারের ভাড়াটিয়া ছিলেন তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), তার স্ত্রী আলেহা (২২) ও মা ফাতেমা বেগম (৪৫)। তাদের তিনজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আটককৃত পরিবারটি এক বছরের বেশি সময় ধরে ওই বাসায় ভাড়া থাকছিল। গত তিন মাসের ভাড়া বাকি থাকায় বাড়ির মালিক তাদের বাসা ছাড়তে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা হয়।
সোমবার রাতে বাড়ির মালিক আবুল বাশার ভাড়াটিয়ার ঘরে তালা লাগিয়ে দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে সোহাগ বাসায় এসে তালা দেখে বাড়িওয়ালার ছেলে নাফিজকে খুলে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছু সময় পর আবুল বাশারের আরেক ছেলে বাধন ঘটনাস্থলে আসেন এবং তিনজনের মধ্যে হাতাহাতি হয়।
ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী, মা ও বাড়ির মালিক আবুল বাশার ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা খেয়ে পড়ে যান। আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল বাশার ভাড়াটিয়ার ধাক্কায় নয়, নিজের ছেলের ধাক্কায় পড়ে আহত হয়েছিলেন।
তবে এ বিষয়ে ওসি শাহিনূর আলম বলেন, “এটা আটক ব্যক্তিদের বক্তব্য। তারা নিজেদের দায় এড়াতে এ কথা বলতেই পারে। তিন মাসের ভাড়া নিয়ে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, আবুল বাশার ভাড়াটিয়ার ধাক্কায় পড়ে গিয়েছিলেন। তদন্তে প্রকৃত তথ্য বের হবে।” পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

