জামালপুরের ইসলামপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি বামনা গ্রামে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে। ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ঘটনার পর বিকেলেই ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। এতে পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) ও মৃত আক্কেল আলীর ছেলে জাবেদ (৩৪)–কে অভিযুক্ত করা হয়। পাশাপাশি আরও অজ্ঞাত পরিচয়ের তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে মোস্তাফিজুর উল্লেখ করেন, ওই দিন ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। পথে পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁকে মোটরসাইকেল থেকে নামায়। এরপর তাঁকে কিল-ঘুষি মেরে পকেট ছিঁড়ে টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকি দেয়, এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধর্মকুড়া বাজারে ধান বিক্রি করে বাড়ি ফিরছিলাম। রাস্তায় আমাকে থামিয়ে মারধর করে পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে গেছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমি চিনেছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী, পৌর শহরের বাসিন্দা রাকিব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিনদুপুরে সাবেক মেম্বারের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। তারা স্থানীয় লোকজন।’ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

