বগুড়ার শাজাহানপুরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে এক দম্পতির কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের চকভালী এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহজালাল মন্ডল ও তার স্ত্রী ফিরোজা বেগম উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তারা বগুড়া শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পারতেখুর এলাকার গুঞ্জন অটো রাইস মিলের সামনে পৌঁছালে হঠাৎ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলযোগে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। প্রথমে তারা ভয়ভীতি দেখায়। পরে শাহজালালের স্ত্রীর কাছ থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, “ছিনতাইকারীদের শনাক্ত করতে মাঠে পুলিশ কাজ করছে। দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়রা জানান, ওই মহাসড়কে রাতে পুলিশের টহল দুর্বল হওয়ায় প্রায়ই এমন ঘটনা ঘটে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

