মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌফিক ইসলাম নাবিল সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং বিস্তারিত তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

