মেহেরপুরের গাংনী উপজেলায় একদল মুখোশধারী দুর্বৃত্ত স্থানীয় ব্যবসায়ীদের মারধর করে নগদ টাকা লুট করেছে। আতঙ্ক ছড়াতে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ব্যবসায়ীরা আহত হয়েছেন এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর তা ঝোপে ফেলে দেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা আঞ্চলিক সড়কের নির্জন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, চার-পাঁচজন গরু ও সবজি ব্যবসায়ী গাংনী বাজারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কে একদল মুখোশধারী তাদের গতিরোধ করে। এরপর ব্যবসায়ীদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আতঙ্ক ছড়াতে এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ডাকাতির শিকার গরু ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ‘বাজারে মাংস বিক্রি করে বাড়ি ফিরছিলাম। পথে ইটপাড়া এলাকায় হঠাৎ সাত-আটজন মুখোশধারী পথরোধ করে টাকাগুলো কেড়ে নেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মোবাইল ফোনগুলো নিয়ে ঝোপে ফেলে দিয়ে বলে, পরে গিয়ে খুঁজে নিতে।’
ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

