লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভয়াবহ হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) রাতে সংঘটিত এ হামলায় থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানা চত্বরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপ ভেঙে ফেলে। গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। ইট-পাটকেল ছুড়ে জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলা হয়। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতীবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য এসে পরিস্থিতি সামাল দেয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিজে ও আরও পাঁচজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের কাছ থেকে জোর করে হাজতখানার তালার চাবি ছিনিয়ে নেয়। এরপর সাজাপ্রাপ্ত দুই আসামি—বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে থানার হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

