ভারতের বেঙ্গালুরুর দুই বাসিন্দা ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ প্রতারণার শিকার হয়ে দুই কোটি পনের লাখ রুপি হারিয়েছেন। তারা তাৎক্ষণিক লাভের লোভে ওই প্ল্যাটফর্মে বিনিয়োগ করেন এবং ধোঁকা খেয়ে বসেন। খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ডেকান হেরাল্ডের তথ্য মতে, প্রতারণাটি ছিল সুচিন্তিত। সামাজিকমাধ্যম ও পেশাদার মনে হওয়া ওয়েবসাইট ব্যবহার করে চালানো হয়েছিল। ওই সাইটগুলো একদম বাস্তব শেয়ারবাজারের ট্রেডিং ড্যাশবোর্ডের মতো ছিল। এতে ভুয়া লাভের হিসাবও দেখানো হতো।
প্রথম ঘটনার শিকার রেড্ডি, ৪৮ বছর বয়সী একজন ব্যবসায়ী। তিনি ফেসবুকে ‘আশমিতা তিওয়ারি’ নামে এক নারীর সঙ্গে পরিচিত হন। ওই নারী নিজেকে মুম্বাইয়ের বার্কলেজ ইনভেস্টমেন্ট ব্যাংকের ব্যবস্থাপক পরিচয় দেন। তিনি রেড্ডিকে একটি বিনিয়োগ ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাকে ‘ক্যাটালিস্ট কাস্টমার সার্ভিস’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। গ্রুপটিতে অনেকেই বিনিয়োগে লাভের স্ক্রিনশট এবং মার্কেট টিপস শেয়ার করছিলেন।
রেড্ডি ওই গ্রুপের পরামর্শ ও নির্দেশনা মেনে তিন মাসের মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ১.৫৪ কোটি রুপি পাঠান। কারণ তিনি বিশ্বাস করেছিলেন তার অর্থ বাড়ছে। ভুয়া ড্যাশবোর্ডে তা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু যখন তিনি লাভ তুলতে যান, তখন তাকে গ্রুপ থেকে ব্লক করে দেয়া হয় এবং তার সঙ্গে আর কেউ যোগাযোগ করেনি।

