চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এই পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ্ব পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। আজ সোমবার (৭ জুলাই) হজ্ব সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
হজ্ব বুলেটিনে বলা হয়েছে, তাঁদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।
এদিকে হজ্ব পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হজ্বযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এই পর্যন্ত ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩ ও সৌদি এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
হজ্বযাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয় ৫ জুন। এই ফিরতি হজ্ব ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

