চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুইটি শ্যালো ড্রেজার মেশিন, একটি ভেকু এবং দেড় হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সহায়তা করে জোরারগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট বন বিভাগ।
উপজেলা প্রশাসন জানায়, হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালে শ্যালো ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় খাল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো ড্রেজার ও একটি ভেকু বিকল করে দেওয়া হয়। একইসঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় দেড় হাজার ফিট পাইপ কেটে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, “অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি। তাই কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

