বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় তদন্তের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রণালয়। আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনসংখ্যা নীতি ২০২৫’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, “বাংলাদেশ শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়াই চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কী কারণে এই নিয়োগ দেওয়া হলো, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো বেআইনি কাজ করব না এবং কাউকে অবৈধ কার্যক্রমে প্রশ্রয় দেবো না।”
এ সময় তিনি তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “ন্যায্য ও সম্ভাবনাময় সমাজ গঠনে পছন্দের পরিবার তৈরি করতে হলে তরুণদের ক্ষমতায়ন জরুরি। তরুণদের হাত ধরেই দেশ বদলাবে।” নূরজাহান বেগম আরও বলেন, “তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তারা ন্যায়নীতি প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আগ্রহী। এ প্রজন্মকে ক্ষমতায়ন করলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং পছন্দের পরিবার নির্মাণ সহজ হবে।”
তিনি বলেন, কিশোর-কিশোরী ও তরুণদের প্রজনন স্বাস্থ্য–সম্পর্কিত পছন্দ ও চাহিদা বোঝা জরুরি। এসব পছন্দ বাস্তবায়নে সহায়ক দিকগুলো চিহ্নিত করতে হবে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। টেকসই উন্নয়ন, শান্তিপূর্ণ সমাজ ও উন্নত জীবন নিশ্চিতে প্রজন্মের পর প্রজন্ম ন্যায্যতা ও নীতিবোধ ধরে রাখা জরুরি।

