সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী এবং দুই কন্যার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে এসেছে, কাগজপত্র অনুযায়ী এসব সম্পদের মূল্য প্রায় ৬২ কোটি টাকা হলেও প্রকৃত বাজারমূল্য কয়েকশ কোটি টাকা বলে ধারণা সংশ্লিষ্টদের।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৭ লাখ টাকার এবং তাদের দুই কন্যা—নূরিন তাসফিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ও ৪ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে।
সব মিলিয়ে পরিবারটির বিরুদ্ধে ৬১ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা দায়েরের সুপারিশ করতে যাচ্ছে দুদকের অনুসন্ধান টিম। এছাড়া তারিক সিদ্দিক ও শাহিন সিদ্দিকের ব্যাংক হিসাবে প্রায় ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক। কমিশনের একটি সূত্র জানায়, এসব লেনদেনের উৎস খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের প্রস্তুতি চলছে।

