ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কাঁচামাল আমদানি করে তৈরি পোশাক খাতে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকির প্রমাণ পেয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড কেওয়া বাজার এলাকায় অবস্থিত মেসার্স নেত্রকোনা অ্যাক্সেসরিজ লিমিটেড।
ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের সাম্প্রতিক অভিযানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় ৬৬০ মেট্রিক টন কাঁচামাল আমদানি করেছিল। তবে এসব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি না করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, মেসার্স নেত্রকোনা অ্যাক্সেসরিজ লিমিটেড শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল অবৈধভাবে সরিয়ে খোলাবাজারে বিক্রি করেছে। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের প্রিভেন্টিভ টিম প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউজে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, গার্মেন্টস ও তৈরি পোশাক কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) চলতি বছরের ২০ জুলাই ইস্যু হয়। এতে কাঁচামাল শুধুমাত্র রপ্তানিমুখী পণ্যে ব্যবহার করার অনুমতি ছিল।
প্রতিষ্ঠানটি আমদানি করা কাঁচামালের বড় অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলেছে। প্রাথমিক অনুসন্ধানে ৬৬০ মেট্রিক টন বন্ড সুবিধার কাঁচামাল অপসারণের তথ্য পাওয়া গেছে। এর ফলে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা শুল্ককর ফাঁকির আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব কাঁচামাল অবৈধভাবে বিক্রি করে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তদন্তে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের মিলের ঘাটতি পাওয়া গেছে। ঢাকা উত্তর বন্ড কমিশনারেট সূত্রে জানা গেছে, শিগগিরই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

