গত শনিবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় এক হাজার একশো দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এই ধারালো অস্ত্র বিক্রি, সরবরাহ ও ব্যবহার করা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম সংবাদ সম্মেলনে জানান, খবর পেয়ে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর নিউমার্কেটে তিন থেকে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই দোকানগুলো থেকেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি নির্দিষ্ট স্থান থেকে ধারালো দেশি অস্ত্র সরবরাহ পাচ্ছে এবং সেগুলো সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দিচ্ছে।
তিনি আরও জানান, এসব অস্ত্র সরবরাহে গোপন ডেলিভারির ব্যবস্থা ছিল এবং সন্ত্রাসীরা প্রধানত দেশি ধারালো অস্ত্রই বেশি ব্যবহার করে। গত কয়েক মাস ধরে এসব অস্ত্র বড় পরিমাণে মজুত করা হচ্ছিলো এবং সন্ত্রাসীদের হাতে পৌঁছাচ্ছিলো।
সেনাবাহিনী বলছে, এই অভিযান দেশের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এখনও তাদের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

