ঝালকাঠী ১০০ শয্যা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি চক্রের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, দরপত্রে প্রতিযোগিতা দেখানোর নাম করে একই পরিবারের একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে কারসাজির মাধ্যমে অবৈধ কার্যাদেশ নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এ মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। আসামিদের মধ্যে রয়েছেন ঝালকাঠী ১০০ শয্যা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ, মেসার্স বাপ্পী ইন্টারন্যাশনালের মালিক শিপ্রা রানী পিপলাই, পিপলাই মেসার্স পিপলাই এন্টারপ্রাইজের মালিক সোহাগ কৃষ্ণ পিপলাই এবং মেসার্স আহসান ব্রাদার্সের মালিক সত্য কৃষ্ণ।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে দরপত্র প্রক্রিয়ায় কারসাজি করেছেন। বাপ্পী ইন্টারন্যাশনালের দাখিল করা ১৩৯টি আইটেমের মধ্যে ৫১টি আইটেমের দর পরিবর্তন করা হয়েছে। একই পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নামে মিথ্যা প্রতিযোগিতা দেখানো হয়েছে। এছাড়া, নিজেদের মধ্যে দাম কাছাকাছি রেখে কৃত্রিম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা তৈরির প্রমাণ পাওয়া গেছে।
পরে নিয়ম লঙ্ঘন করে মেসার্স বাপ্পী ইন্টারন্যাশনালের অনুকূলে অবৈধভাবে কার্যাদেশ দেওয়া হয়। এটি সরকারি ক্রয়বিধি ১২৭(২)(গ)–এর স্পষ্ট লঙ্ঘন। আসামিদের বিরুদ্ধে মামলা নং ১৫/২০২৫ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

