প্রতারণার মাধ্যমে সমিতির ৬৭.৭৫ শতাংশ জমি বিক্রি করে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে আল-ফাতিহা বহুমুখী সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার (২৬ নভেম্বর) সংস্থার প্রধান কার্যালয় থেকে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।
মামলার আসামিরা হলেন—
- সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পাঠান
- সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা
- কিং বিডি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক খান
- ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ কামরুল হাসান
প্রতিবেদন সূত্রে জানা গেছে, সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত বিক্রয়নয় উপ-কমিটির সুপারিশ উপেক্ষা করে তারা ৬৭.৭৫ শতাংশ জমি বিক্রি করেন। এরপর বিক্রির ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ২৫০ টাকা সমিতির হিসাবের পরিবর্তে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়। দুদক তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলা অনুমোদন দিয়েছে।
এছাড়া, সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ এ এস এম জসিম উদ্দিন, কিং বিডি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি আব্দুর রাজ্জাক খান ও ফাইন্যান্স ডাইরেক্টর কামরুল হাসানের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ ইস্যু করার সুপারিশ করেছেন অনুসন্ধান কর্মকর্তা।

