নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, আলমগীর হোসেন বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এনআইডি ও ফোন নম্বর ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বিপুল অর্থ আত্মসাৎ করেছিলেন। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনার তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২০ অক্টোবর ব্যাংকের রেকর্ডপত্র সংগ্রহ করে যাচাই করেছে। এরপর নোয়াখালীর স্পেশাল সিনিয়র জজ আদালতে দুটি মামলা দায়ের করা হয়। তদন্তের পর আলমগীরকে ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছে।
দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, “দুটি শাখা থেকে ৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় নোয়াখালী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, “ব্যাংকের ঋণ দেখিয়ে আমাদের সদস্যদের নাম ব্যবহার করে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে নিশ্চিত হয়েছে।”

